রুবেলের জামিন বাতিলে হাইকোর্টে হ্যাপী
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী।
আজ রোববার হ্যাপীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জানান তার আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ। রিটে রুবেলের জামিন বাতিল এবং তাকে ৩ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া ক্রিকেটার রুবেল হোসেন, ঢাকার জেলা প্রশাসক, জামিন প্রদানকারী বিচারক ইমরুল কায়েস ও সংশ্লিষ্ট আদালতের পিপি আবদুল্লাহ আবুকে রিটে বিবাদী করা হয়েছে।
গত ১১ জানুয়ারি রোববার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস রুবেলকে জামিনের আদেশ দেন।
বিয়ের প্রতিশ্রুতিতে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হ্যাপী।
এরপর গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেন রুবেল হোসেন। বিচারপতি সৈয়দ এবি
মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট তাকে এ জামিন দেন।
গত ৪ জানুয়ারি রোববার রুবেলকে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ।
এরপর গত ৫ জানুয়ারি সোমবার বিশ্বকাপের দল ও জাতীয় দল থেকে ক্রিকেটার রুবেল হোসেনকে বাদ দেওয়ার আরজি জানিয়ে হ্যাপী একটি রিট দায়ের করেন।
শুনানি শেষে ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে রিটটি খারিজ করে দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
এর একদিন পর ৪ সপ্তাহের আগাম জামিন শেষ হওয়ায় ৮ জানুয়ারি বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রুবেল হোসেন। কিন্তু রুবেলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
গত ১১ জানুয়ারি রোববার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস রুবেলকে জামিনের আদেশ দেন।
সর্বশেষ গত ১৪ জানুয়ারি বুধবার সকাল ১১টার দিকে রুবেল আদালতের কাছে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদারের আদালত রুবেলের আবেদন মঞ্জুর করেন।
এ সময় আদালত তাকে সশরীরে হাজিরা দেওয়া মওকুফ করে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।
